জিয়াউর রহমানের লাশ পাহাড়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মতিউর: মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর তার লাশ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনা কর্মকর্তা মতিউর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। প্রসিকিউটর তানভীর হাসান জোহা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে মোজাফফর জানান, মতিউর রহমানের নির্দেশে তিনি সৈনিকদের নিয়ে সকাল ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে যান এবং সেখান থেকে জিয়াউর রহমানের লাশ নিয়ে পাহাড়ে রওয়ানা হন। তবে তিনি লাশ পাহাড় থেকে ফেলে দেননি বলে দাবি করেছেন। বরং একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের লাশ একই কবরে দাফন করেন। দাফনের সময় তারা ইমামকে জানাননি যে এটি রাষ্ট্রপতির লাশ। গত ১৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে মোজাফফর এই তথ্যগুলো প্রদান করেন।

প্রসিকিউটর তানভীর হাসান জানান, মোজাফফর হোসেনের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ১৯৯৭ বা ১৯৯৮ সালে দেশে ফিরে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের মাধ্যমে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেই অনুষ্ঠানে শেখ হাসিনাকে স্যালুট দেওয়ার পর তিনি জানতে চেয়েছিলেন তার পরবর্তী করণীয় কী। তখন শেখ হাসিনা তাকে সেনাবাহিনীতে আত্মসমর্পণ করার পরামর্শ দেন। পরবর্তীতে সেনা সদরের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি এবং মোজাফফর ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করেন। ঘটনার ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন নিজেই এ কথা বলেছেন বলে সোমবার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছেন তিনি।