জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কাজের জন্য সরকারের দুই নীতি-নির্ধারক মন্ত্রী আবদুল মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয়-বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত নন, সেগুলোর সংসদ বিষয়ক কার্যাবলি নির্দিষ্ট কয়েকজন মন্ত্রীর মাধ্যমে সম্পাদিত হবে।
এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কারণে তিনি অধিবেশনে অনুপস্থিত থাকলে এই দায়িত্বগুলো পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অপরদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংসদীয় কার্যাবলি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে এই দায়িত্বগুলো পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

