মৌলভীবাজারে গ্রাফটিং টমেটো চাষে সফল কৃষক, মিলছে না সরকারি সহায়তা

মৌলভীবাজার জেলায় গ্রাফটিং পদ্ধতিতে আগাম ও রবি মৌসুমে টমেটো চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। বিশেষ করে কমলগঞ্জ উপজেলায় টমেটোর উৎপাদন সবচেয়ে বেশি, যেখান থেকে উৎপাদিত টমেটো ও গ্রাফটিং চারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। জেলায় এ বছর ১ হাজার ২০০ হেক্টর জমিতে রবি টমেটো এবং ১৩০ হেক্টর জমিতে আগাম জাতের খরিফ-১ টমেটো চাষ হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে ১৯ হেক্টর জমিতে। এখন পর্যন্ত জেলায় ৬৫ লাখের বেশি চারা উৎপাদিত হয়েছে, যা প্রতিটি ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে এই সাফল্যের পেছনে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষক আলাউদ্দিন, আবু তাহের, বদরুজ্জামান বাবু, স্বপন কুমার সিংহ ও সখিনা বিবিসহ অনেকে জানান, সার ও কীটনাশকের দাম অত্যন্ত চড়া। এছাড়া ব্যবহৃত কীটনাশক রোগবালাই দমনে কার্যকর হচ্ছে না। তাদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা কখনো মাঠ পর্যায়ে তাদের টমেটো বা গ্রাফটিং চারা দেখতে আসেন না এবং কোনো পরামর্শও প্রদান করেন না। সরকারি কোনো প্রণোদনা না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শুকুরউল্লাগাঁওয়ের তরুণ উদ্যোক্তা আব্দুল মান্নান জানান, তিনি প্রায় ১৩ বিঘা জমিতে আগাম টমেটো চাষ করেছেন, যাতে তার ২৬ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু সবকিছুর চড়া দাম এবং গত বছরের তুলনায় টমেটোর কম দাম পাওয়ায় তিনি লোকসানের শঙ্কায় আছেন। একই অবস্থা আব্দুল করিম, জলিল, তাহের ও আব্দুল মতিনসহ অনেক কৃষকের। বর্তমানে কমলগঞ্জের আদমপুর, মাধবপুর ও ইসলামপুরসহ বিভিন্ন ইউনিয়নে মাঠের পর মাঠ টমেটো ক্ষেত এবং গ্রাফটিং চারা উৎপাদনের শেড দেখা যায়।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম জানান, গ্রাফটিং চারায় ফলন ভালো পাওয়া যাচ্ছে এবং ৬০ হেক্টর জমিতে আগাম চাষ হয়েছে। উপজেলা কর্মকর্তা সন্দ্বীপ কুমার তালুকদার জানান, ৩৮০ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের প্রণোদনা ও নদীর বাঁধ মেরামতের কাজ প্রক্রিয়াধীন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন জানান, হিমাগার স্থাপনের জন্য স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তার স্বল্পতার কারণে কৃষকদের কাছে সময়মতো পৌঁছানো কঠিন হলেও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ২০