৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, বাড়বে শুষ্কতা

বাংলাদেশ থেকে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়ার কারণে সামনে দেশের আবহাওয়া ধীরে ধীরে আরও শুষ্ক হয়ে উঠতে পারে। এদিকে, বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে এখন ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা বৃষ্টির বিরতিতে অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যার পরিমাণ ছিল ২১ মিলিমিটার। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত সোমবার সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বর্তমানে তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যা থেকে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আর বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা ছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।