দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জনে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে বিপুল সংখ্যক রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবমতে, এ পর্যন্ত মোট ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

