কমলগঞ্জে অতিরিক্ত মদ্যপানে চা শ্রমিক খোকন পাত্রের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদ্যপানে খোকন পাত্র (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই চা বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা কমল পাত্রের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে খোকন পাত্র বাইরের কোথাও মদপান করে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে সিলেটে নিতে অপারগতা প্রকাশ করেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা প্রদান শুরু করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খোকন পাত্র অতিরিক্ত মদপানের পর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মারা যান। এছাড়া শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ওসি (তদন্ত) রুহুল আমীনও অতিরিক্ত মদ্যপানের কারণে শমশেরনগর চা বাগানের এই ব্যক্তির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।