আগামী সেপ্টেম্বর মাস থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, মালয়েশিয়ায় মোট ২ লাখ শ্রমিক নিয়োগের এই প্রক্রিয়া আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষদিক থেকে তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে পর্যায়ক্রমে কর্মী পাঠানোর কাজ শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে তা সমাপ্ত করা হবে।
নিয়োগের বিস্তারিত সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, এই ২ লাখ কর্মীর বাইরে আরও ১০ হাজার শ্রমিক মালয়েশিয়া সরকার সম্পূর্ণ বিনা খরচে বা ‘জিরো কস্ট’-এ নেবে। এই ১০ হাজার কর্মীর নিয়োগ প্রক্রিয়াও সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হবে।
বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশের ৮ লাখ নিবন্ধিত শ্রমিক কর্মরত রয়েছেন। বৈঠকে অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের আওতায় আনার বিষয়েও মালয়েশিয়ার হাইকমিশনারের কাছে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষার্থী বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়াশোনা করছেন এবং মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত আছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তবে এলএনজি আমদানির বিষয়ে সরকারের দেওয়া চিঠির বিষয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেন।

