দেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সাথে দুই অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ্ জেসমিন নাহারকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

