আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা তো সবসময়ই বলব যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী তা উন্নীত করার জন্য আরও সময়ের প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের ছয় মাস পার হয়েছে। এই সময়ের মধ্যে তারা অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ জনগণ দেখতে পেয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার বিভিন্ন সংকটময় মুহূর্ত সফলভাবে মোকাবেলা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও এর বাইরে ছিল না। তবে সরকার দীর্ঘ এক মাস পর্যন্ত জ্বালানি তেল বা গ্যাসের মূল্য বৃদ্ধি করেনি। বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে।

জ্বালানি ও গ্যাস সংকটকে বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। সরকার সফলভাবে এগুলো মোকাবেলার চেষ্টা করছে। ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখা এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মজুত রাখার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।