ভৈরব জংশনে ইঞ্জিন ছাড়াই ১ কিমি পেছনে গেল কিশোরগঞ্জ এক্সপ্রেস

ভৈরব রেলওয়ে জংশনে ইঞ্জিন বদলানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পেছাতে পেছাতে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ইঞ্জিন ছাড়া ট্রেনের বগিগুলো একা একা পেছনে যেতে থাকলে ভেতরে থাকা অসংখ্য যাত্রীর মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে ট্রেনে থাকা গার্ডের বুদ্ধিমত্তায় জরুরি ব্রেক কষে বগিগুলো থামানো সম্ভব হয়।

ট্রেন সূত্র ও যাত্রীদের তথ্যমতে, বিকেল ৪টায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ভৈরব জংশনে পৌঁছায়। সেখানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করার জন্য কেটে আলাদা করা হয়। ইঞ্জিনটি আউটার সিগন্যালের দিকে চলে যাওয়ার পরপরই বগিগুলো স্বয়ংক্রিয়ভাবে পেছনের দিকে গড়িয়ে চলতে শুরু করে। এভাবে গড়াতে গড়াতে ট্রেনটি স্টেশন এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার পেছনে চলে যায়। এ সময় দ্রুত ট্রেনে উঠে জরুরি ব্রেক কষে গাড়িটি থামান ট্রেনের গার্ড ওমর আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রেনের গার্ড ওমর আলী জানান, আউটার থেকে ঘুরে এসে ইঞ্জিন জোড়া লাগানোর কথা থাকলেও ডাউন লাইন ব্যস্ত থাকায় বগিগুলো পেছনের দিকে চলে যায়। তিনি তাৎক্ষণিক ট্রেনে উঠে জরুরি ব্রেক করায় গাড়িটি থেমে যায় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর একটি ইঞ্জিন গিয়ে বগিগুলোকে উদ্ধার করে পুনরায় ৩ নম্বর লাইনে ফিরিয়ে আনে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

রেল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং দীর্ঘ ২ ঘণ্টা বিলম্বের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। ওয়ালীদ নামে এক যাত্রী বলেন, বিকেল ৪টায় কিশোরগঞ্জ থেকে উঠেছিলাম। ভৈরবে এসে দেখি ট্রেন পেছনের দিকে চলছে। প্রথমে ভেবেছিলাম ইঞ্জিন দিয়েই হয়তো চালানো হচ্ছে, পরে দেখি ইঞ্জিন ছাড়াই পুরো ট্রেন চলছে। এতে আমরা সবাই প্রচণ্ড ভীতি ও আতঙ্কের মধ্যে পড়ে যাই। আরেক যাত্রী জসিম উদ্দিন জানান, তাঁর ভাই রাতে প্রবাসে যাবেন, এভাবে ট্রেন আটকে থাকায় তাঁদের অপূরণীয় ক্ষতি হতে পারত। নরসিংদীর যাত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ভৈরবে এসে তাঁরা এক ভীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। ট্রেন চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রেলে সরকারের নজরদারি বাড়ানো দরকার।

ট্রেন ছাড়তে বিলম্ব হওয়া প্রসঙ্গে ভৈরব রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, ওই সময়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামগামী চারটি ট্রেনকে লাইন দিতে গিয়ে ৩ নম্বর লাইন ব্যস্ত ছিল। ফলে ট্রেনটি পুনরায় প্রস্তুত করে ছাড়তে প্রায় দুই ঘণ্টা দেরি হয়। অন্যদিকে, এ ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এ বিষয়ে স্টেশন মাস্টার বলেন, সাংবাদিকদের সঙ্গে সহকারী স্টেশন মাস্টারের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।