নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং রাষ্ট্রকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার দুর্গাপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, তবে অনেকেই এটিকে কলুষিত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমার কাজে কোনো ভুল থাকলে তা তুলে ধরুন, এতে আমি নিজেকে শোধরাতে পারব। সাংবাদিকতাকে পুঁজি করে অপসাংবাদিকতায় না জড়ানোর অনুরোধ জানিয়ে তিনি সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে অভিহিত করেন এবং সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বর্তমানে তথ্যের প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকিও অনেক বেড়েছে। তাই সাংবাদিকদের দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ নয়, বরং তথ্যের সত্যতা যাচাই করে তা প্রকাশ করা। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সাংবাদিকতায় নতুন সম্ভাবনা তৈরি করলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ে দক্ষ হয়ে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
পিআইবির এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। এছাড়া অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে তারা আরও তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ তৈরি করতে পারেন। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়েও এতে আলোচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম এবং প্রশিক্ষক আলী আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন, যা আগামী ২৪ জুলাই বিকালে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হবে।

