বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তার নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।