জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ১৫ বছরের দুঃশাসনের বিস্ফোরণ: মীর হেলাল

দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের ওপর চেপে থাকা আওয়ামী দুঃশাসনের জগদ্দল পাথরের একটি বিস্ফোরণ হলো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই দীর্ঘ সময়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের গুম, খুন, হত্যা, পাশবিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে অত্যাচার চালানো হয়েছে। একইসঙ্গে বিরোধী মতের সাংবাদিকসহ সব পেশার মানুষের ওপরও বর্বরোচিত নির্যাতন করা হয়েছে। ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে কেউ যদি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, তবে সেই ধারণা কেবল ভুলই নয়, বরং বিভ্রান্তিমূলক। এই গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক বাংলাদেশের ১৮ কোটি জনগণ।

তিনি যোগ করেন, যখন দেশের মানুষ মনে করেছে নির্যাতন ও দুঃশাসন আর সহ্য করা সম্ভব নয়, স্বৈরাচারী সরকারের অধীনে থাকা আর সম্ভব নয় এবং পার্শ্ববর্তী দেশের তাঁবেদারি আর মানা যায় না—ঠিক তখনই গণঅভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল অর্জিত হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।