সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জনের বিরুদ্ধে। সোমবার রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ বিষয়ে অভিযোগ তোলেন। জানা গেছে, চুরির অভিযোগের ভিত্তিতে কটকিপাড়া এলাকার সাব্বির হাসানকে থানায় নিয়ে আসেন ওই পুলিশ কর্মকর্তা। থানায় নেওয়ার পর সাব্বির হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ ওঠে।

এই বিষয়ে জানতে সাংবাদিকরা থানায় গেলে তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়। কালবেলার ব্যুরো প্রধান রেজওয়ান রনি জানান, এসআই নিহার রঞ্জন তাকে বলেছিলেন, ওসি বা কমিশনারের কথা শোনার সময় তার নেই এবং থানায় আসতে হলে গলায় আইডি কার্ড ঝুলিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ওই পুলিশ কর্মকর্তা উচ্চস্বরে কথা বলে সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।

আরএনবি নিউজের হেড অব ডিজিটাল একেএম সুমন মিয়া জানান, রেজওয়ান রনির সঙ্গে দুর্ব্যবহারের খবর পেয়ে তিনি থানায় গিয়ে বিষয়টি জানতে চাইলে এসআই নিহার রঞ্জন তার কাছেও আইডি কার্ড দেখতে চান এবং কার্ড ছাড়া প্রবেশ নিষেধ বলে জানান। দৈনিক খবরের কাগজের রংপুর প্রতিনিধি সেলিম সরকার জানান, অভিযুক্ত যুবককে গালিগালাজের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন। ভিজিটিং কার্ড দেখানোর পরও রেজওয়ান রনির কাছে আইডি কার্ড চাওয়া হয়। কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার খুশবু হাসান রনি হেনস্তার বিষয়ে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা তা অস্বীকার করেন, তবে তার কথাবার্তায় অসৌজন্যমূলক আচরণ ছিল।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি একেএম নাজমুল কাদের জানান, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের পর এসআই নিহার রঞ্জনকে সিসি দিয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তাকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।