চাকরির প্রলোভনে ৯৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের আরও ১২ জন গ্রেফতার

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)-কে গ্রেফতারের মাধ্যমে এই চক্রের মোট ১২ জনকে আইনের আওতায় আনা হলো। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত অনুযায়ী, গত বছরের ২৪ আগস্ট মেহেদি হক নিয়নকে টেলিগ্রামে 'জ্যালস জুয়েলারি' নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে আগ্রহী হলে তাকে ফিশিং লিংকের মাধ্যমে একটি ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়। শুরুতে অনলাইনে অর্ডার সম্পন্ন করলে কমিশন দেওয়ার মাধ্যমে তার আস্থা অর্জন করা হয়। এরপর বিভিন্ন রাউন্ডে ৯০টি অর্ডার সম্পন্ন করার শর্তে অধিক মুনাফার লোভ দেখিয়ে তার কাছ থেকে দফায় দফায় মোটা অংকের টাকা নেওয়া শুরু হয়।

ভুক্তভোগী নিয়ন মুনাফা পাওয়ার আশায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকেন, কিন্তু যখনই তিনি মুনাফার টাকা তুলতে চাইতেন, তখনই চক্রটি নতুন নতুন অজুহাতে আরও টাকা দাবি করত। এভাবে সর্বস্বান্ত হওয়ার পর চলতি বছরের ৩ জানুয়ারি পল্টন থানায় তিনি মামলা দায়ের করেন। সিআইডি এই মামলার তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করে। মামলার ১৯ নম্বর এজাহারনামীয় আসামি জুলহাস উদ্দিনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রহড়কে গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।