ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একদল চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার সন্ধ্যায় কর্ণফুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী তৃতীয় সেতুর দক্ষিণ প্রান্তে তারা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। প্রায় সোয়া ঘণ্টা স্থায়ী এই অবরোধের সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে বিকাল ৫টার দিকে নগরীর জামালখান এলাকায় এই একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছিলেন চাকরিচ্যুতরা। ঢাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর সদস্যদের মারামারির ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা তাদের অবরোধ কর্মসূচি শেষ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং যানজট নিরসনে পুলিশ কাজ শুরু করে।

