মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে ‘গোপন কারাগার’ নিয়ে তদন্ত কমিটি গঠন

দৈনিক যুগান্তরে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আড়ালে গড়ে ওঠা ভয়ংকর গোপন কারাগার নিয়ে একটি গা শিউরে ওঠা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে অধিদপ্তরের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককে। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের চিকিৎসা ও পুনর্বাসন শাখার সহকারী পরিচালক। কমিটির অন্য তিন সদস্য হলেন—অধিদপ্তরের পরিচালক (নিরোধ শিক্ষা), ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক।

অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অফিস আদেশে কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই কমিটিকে সংশ্লিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের এসব নিরাময় কেন্দ্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিধিমালা মেনে পরিচালিত হচ্ছে কি না, তাও খতিয়ে দেখবে এই কমিটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় এবং জড়িতদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও কমিটির কাছে সুনির্দিষ্ট সুপারিশ চাওয়া হয়েছে।