বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার তাগিদ ভারতের

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, বর্তমানে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধের বিষয়টি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও ইতিবাচক ধারণার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গত ৩০ জুলাই বৃহস্পতিবার ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়, যেখানে এই পরামর্শ উঠে আসে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পারস্পরিক আস্থা ও জনসম্পৃক্ততা বজায় রাখার স্বার্থে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা অত্যন্ত জরুরি।

পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কমিটি। একই সঙ্গে, দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীরা যাতে অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছিল এবং সে সময় কনস্যুলার কর্মীদেরও প্রত্যাহার করা হয়। বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসাকেন্দ্রের মাধ্যমে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসাসংক্রান্ত ভিসা।