নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে, কয়েকজনের করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দিয়েছিলেন যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলে বিবাদীরা তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা কোনোভাবে হয়রানি করতে পারবেন না। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়।
হাইকোর্টের ওই রুল জারির সময় জানতে চাওয়া হয়েছিল, আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। এছাড়া, নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কেন তাকে শ্যোন অ্যারেস্ট বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হবে না, তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

