মন্ত্রণালয়ের নির্দেশনা মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বিদ্যমান আইন ও নীতি প্রয়োগের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অসহযোগিতা ও অনীহা স্পষ্ট হয়ে উঠেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিযোগ, অধিদপ্তরকে যুগোপযোগী করার পাশাপাশি কেনাকাটায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য বারবার নির্দেশনা দেওয়া হলেও তা আমলে নেওয়া হচ্ছে না।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রচলিত আইন উপেক্ষা করে শত কোটি টাকার বেশি কেনাকাটার জন্য দরপত্র আহ্বান করেছে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সংশোধনের নির্দেশনা দেওয়া হলেও অধিদপ্তর তা পাত্তাই দিচ্ছে না, যা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। ১৯৭৬ সালের ‘জনসংখ্যা নীতির’ আওতায় যে বৈপ্লবিক কার্যক্রম শুরু হয়েছিল, সেটি এখন ম্রিয়মান হয়ে পড়েছে। বর্তমান সরকার এটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও অধিদপ্তরের বাধার মুখে এগোতে পারছে না।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, গত সাড়ে ১৫ বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরাদ্দের বড় অংশই লুটপাট হয়েছে। অধিদপ্তরের ভেতরের সিন্ডিকেটই ঘুরেফিরে শত কোটি টাকার কেনাকাটা নিয়ন্ত্রণ করছে। অন্যান্য বিভাগ আওয়ামী সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এক্ষেত্রে হিমশিম খাচ্ছে। এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সম্প্রতি মাতৃত্বকালীন ও পরবর্তী প্রায় ২৫ ধরনের জরুরি ওষুধ (ডিডিএস কিট) কেনার জন্য পাঁচটি প্যাকেজে ৩৫ কোটি টাকা করে মোট ১৭৫ কোটি টাকার দরপত্র আহ্বান করেছে অধিদপ্তর। প্রতিটি প্যাকেজে সরবরাহকারী প্রতিষ্ঠানের অন্তত ২১ কোটি ১২ লাখ টাকার কাজের অভিজ্ঞতার শর্ত দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, এটি পাবলিক প্রকিউরমেন্ট আইনের ধারা ২৫-এর ২ ও ৩ নম্বর উপধারার সুস্পষ্ট লঙ্ঘন, কারণ এই শর্ত নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে এবং দীর্ঘমেয়াদী অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করে। আইনের ধারা ২৬-এর ২ নম্বর উপধারায় দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও নতুন দরপত্রদাতাদের সুযোগ দেওয়ার কথা থাকলেও অধিদপ্তর শর্ত শিথিলের বদলে আরও কঠিন করেছে।

তালিকাভুক্ত ঠিকাদারদের অভিযোগ, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীদের সুযোগ করে দিতেই আইন ভেঙে এই কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের বক্তব্য পাওয়া যায়নি, তবে তার দপ্তরের সূত্র জানায়, বিষয়টি মন্ত্রীর গোচরে আসার পর তিনি স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বেনজামিন রিয়াজীকে নির্দেশ দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি ড. জিন্নাত রেহানাকে শর্ত শিথিল করে ৫০ শতাংশ করার নির্দেশনা জারি করতে। মন্ত্রীর এমন নির্দেশনার দুই সপ্তাহ পার হলেও অধিদপ্তর থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে, স্থানীয় সরকার বিভাগ সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর তা মানছে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে, তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৫: ৪৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫: ৫২

আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারদের সুযোগ করে দিতেই আইন ভেঙে কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে দাবি তালিকাভুক্ত কয়েকজন ঠিকাদারের। তারা বলেন, গত ১৭ বছর হাতেগোনা যে কয়েকটি প্রতিষ্ঠান একচেটিয়ে কাজ করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তারাই এখন কাজ পাবেন। অন্যদের আর কোনো সুযোগ থাকছে না।