স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। শনিবার (২৫ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের সেবার মান, মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি, খাবারের নিম্নমান এবং চিকিৎসক সংকটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। দীর্ঘ আড়াই ঘণ্টা সময় ধরে তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, তাই তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। অতীতের কোনো অজুহাত দিয়ে লাভ নেই, আমাদের লক্ষ্য হলো সারা দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, আমরা চাই না কেউ বিনা চিকিৎসায় মারা যাক। বর্তমান সক্ষমতা অনুযায়ী গরিব মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। এর অংশ হিসেবে ৫০ শয্যার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি।

মোরেলগঞ্জ পরিদর্শনের সময় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন। সেখানে তিনি আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট দূর করা, ল্যাবরেটরি ও প্যাথলজি সুবিধা নিশ্চিতকরণ এবং টেকসই ভবন নির্মাণের ঘোষণা দেন।