রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন ওই কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হন। তারা প্রথমে আশপাশের বাড়ির সিসি ক্যামেরাগুলো অকেজো করে দেয়। এরপর মুখোশ ও হেলমেট পরিহিত সন্ত্রাসীদের একটি দল দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। হামলাকারীরা গুদামের ভেতরে ঢুকে ডিভিআর ও ক্যামেরা খুলে নিয়ে যায়। যাওয়ার আগে তারা আসবাবপত্র ভাঙচুর করে এবং বেশ কয়েকটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নিয়ে তারা প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করেছিল। এত দিন তারা নিয়মিত শিকদার গ্রুপকেই ভাড়া পরিশোধ করে আসছিল। তবে হামলাকারীরা দাবি করেছে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের কথা হয়েছে এবং এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। ভাড়া না দিলে প্রতিষ্ঠানটিকে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেয় তারা।
প্রতিদিন প্রায় ৪০০ গাড়ি এই কার্যালয় থেকে সারা দেশে পণ্য আনা-নেওয়ার কাজ করে থাকে। হামলার পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে ভাঙচুর ও হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না বলে তিনি জানান।

