রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী এবং ওই কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতারা আজ শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানিয়েছেন, তিনি বাদীর সঙ্গে যোগাযোগ করেছেন। মামলার বাদীকে হুমকি দেওয়ার বিষয়টি মামলার তদন্তের আওতায় আনা হচ্ছে। অডিও কথোপকথনটি যাচাই-বাছাই করা হচ্ছে। তবে হুমকির পর থেকে মামলার বাদী আফসার উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মূল আসামি সাইফুল ও জুয়েল এখনো ধরাছোঁয়ার বাইরে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে তাঁদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল। এখন প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হুমকিদাতার সঙ্গে বাদীর কথোপকথনের অডিওতে শোনা যায়, হুমকিদাতা আফসারকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং বলেন, ‘কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা না করলে লাশ পড়ে থাকবে।’ এ সময় হুমকিদাতা নিজেকে ‘তোর বাপ’ বলে পরিচয় দেন এবং বলেন, ‘তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ এক পর্যায়ে বাদী নিজেকে প্রতিষ্ঠানের মালিক নন জানালে হুমকিদাতা বলেন, ‘মালিক না তো বাদী হইছোস কেমনে?’ এরপরই তিনি ফোন কেটে দেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এই দাবি জানিয়ে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা কয়েক লাখ টাকার পণ্য ও সিসিটিভি ক্যামেরা লুট করে নিয়ে যায়। প্রতিষ্ঠানটি দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে জমিটি ভাড়া নিয়েছিল।
