আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের জন্য পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী জানান, আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ এবং ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে সরকার কাজ করছে। পণ্য পরিবহন ও খালাসের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে সারা বছর বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
রমজানের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ পাইপলাইনে রয়েছে এবং পণ্য আমদানিতে এলসি খোলার প্রক্রিয়াও স্বাভাবিক আছে। সরবরাহ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। ফলের প্রকৃত শুল্কহার ১২১ শতাংশ থেকে কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে কাজ চলছে এবং খেজুরের শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকঋণের সুদহার কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফলের অস্বাভাবিক দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুল্ক পরিশোধের পরও মাল্টা ৪০০-৫০০ টাকায় বিক্রি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের অভিযানের পর দাম কিছুটা কমেছে বলেও তিনি জানান। এছাড়া দেশের লজিস্টিকস ব্যয় ১৬ শতাংশ থেকে কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার আলী আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমজাদ হোসেন চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট এম এ সালাম, চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমান এবং সাবেক পরিচালক এস এম আবু তাইয়বসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

