দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে, ষড়যন্ত্র মোকাবিলায় আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

দেশকে পুনর্নির্মাণ ও পুনর্গঠনের লক্ষ্যে সরকার গণতন্ত্রের আলোকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে এখনো অতীতের মতো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, অতীতে বারবার ষড়যন্ত্রকারীরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে এবং তারা এখনো থেমে নেই। নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তৈরি পোশাক শিল্পের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, দেশের পোশাক খাত স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু এই শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছিল, যার ফলে সেখানে অস্থিতিশীলতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটি সবার সামনে এখন স্পষ্ট।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ অতীতে বারবার ষড়যন্ত্রের মুখে পড়লেও এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। যখনই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে, তখনই জনগণ গণতন্ত্রের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামী দিনে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সামনের দিকে এগিয়ে যেতে হলে সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার।