সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিপত্র জারি

সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি জরুরি পরিপত্র জারি করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই পরিপত্রটি প্রকাশ করা হয়।

পরিপত্রে জানানো হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের একটি বড় অংশ সৌরশক্তি থেকে সংগ্রহ করতে হবে। এছাড়া দেশের অন্যান্য সরকারি দপ্তরগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার কথা বলা হয়েছে পরিপত্রে।

এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ বিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছিলেন।

ওই সভায় প্রধানমন্ত্রী সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশনা দেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।