কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিল সরকার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকর্মীদের জানান, কাঁচামরিচের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে। কৃষিমন্ত্রীর প্রত্যাশা, এই পদক্ষেপের ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই-তিন দিন আগে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। এই উচ্চমূল্যের কারণে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শান্তিনগর বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরেজমিনে যা দেখবেন তা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন, যাতে মানুষ সচেতন হয় এবং বিভ্রান্তি কমে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ না পায়।

উল্লেখ্য, শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাণিজ্য ও কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন এবং সেখান থেকেই তারা সরাসরি বাজার পরিদর্শনে যান।