বাংলাদেশে ভ্রমণ করতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে বিপাকে পড়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে একটি নতুন ম্যাকবুক উপহার দিয়েছেন মুক্তি মাহমুদ নামের এক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই তরুণের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। ল্যাপটপ উপহার পাওয়ার পর ক্রিল কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এটি দিয়ে তিনি পুনরায় নিজের কাজ শুরু করতে পারবেন। এই ঘটনাটি তার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
মুক্তি মাহমুদ রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর সদর থানায় ক্রিলের কান্নার ভিডিও দেখে তিনি মর্মাহত হয়েছিলেন। মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে এসে একজন বিদেশি পর্যটকের মালামাল চুরি হওয়াটা লজ্জার। তার নিজেরও বিদেশে পড়াশোনা করা সমবয়সী ছেলে আছে, তাই ক্রিলের কষ্টটি তিনি গভীরভাবে অনুভব করেছেন। তিনি বলেন, 'সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা যেন অন্তত ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।'
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে ল্যাপটপটি কিনেছিলেন। তার এই ক্ষতিতে পুলিশ দুঃখ প্রকাশ করেছে। ওসি আরও বলেন, একজন নাগরিকের এমন মানবিক উদ্যোগ দেশের সম্মান রক্ষায় ভূমিকা রাখবে।
গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কাটতে যাওয়ার সময় ক্রিল তার ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ এক ব্যক্তির কাছে রেখেছিলেন। ফিরে এসে দেখেন ওই ব্যক্তি ব্যাগসহ উধাও হয়ে গেছেন। পরে তিনি নাটোর সদর থানায় অভিযোগ করেন। বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাজশাহীর রেলওয়ে পুলিশও এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে থানার ওসি হাফিজুর রহমান।

