গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে গাজীপুর জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব হিসেবে অভিহিত করেছে।
পুলিশ জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অত্যন্ত সংযম ও ধৈর্য প্রদর্শন করে আইনানুগভাবে দায়িত্ব পালন করছে, যাতে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এরই মধ্যে একটি মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে পুলিশের বিরুদ্ধে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তুলতে গুলিতে হতাহতের গুজব ছড়ানো হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশ স্পষ্ট করেছে যে, শ্রমিক আন্দোলনে পুলিশ কোনো গুলি চালায়নি এবং এতে কেউ হতাহত হয়নি। সাধারণ জনগণ ও শ্রমিকদের এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে, দুষ্কৃতকারীদের উসকানিতে সহিংসতা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার অনুরোধ করা হয়েছে।

