অক্টোবরে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনছে না সরকার

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার রাতে এই ঘোষণা দিয়েছে। এর ফলে অক্টোবর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ১ অক্টোবর বৃহস্পতিবার থেকেই এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছিল। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। সে সময় মন্ত্রণালয় জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে সরকার তখন দাম বাড়ায়নি। তবে পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে দাম সমন্বয়ের বিকল্প ছিল না।