বেগমগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ ৫

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে (২৫০ শয্যা) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। আহতদের একজন নজরুল ইসলাম শান্ত জানান, তারা কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। গাজীটোলা এলাকায় পৌঁছালে পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তারা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায়, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হন। শান্তর দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুজনকে তিনি চিনতে পেরেছেন। হামলার সময় পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবির কর্মী বলে গালি দেয় এবং পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় হারুন ও রায়হান নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মূলত প্রতিপক্ষ রায়হানের লোক ভেবেই ভুলবশত এই মোটরসাইকেল আরোহীদের ওপর গুলি চালিয়েছে হারুন ও তার অনুসারীরা। এ বিষয়ে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে পেছন থেকে ছররা গুলি চালানো হয়েছে, এতে তিনজন আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।