ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শ্যালোচালিত আলমসাধু উল্টে আমিনুর রহমান (২৫) নামের এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মহেশপুর উপজেলার নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া নলবিলপাড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মতো বিকেলে মাছ বিক্রি শেষে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর। পথে নোয়ানীপাড়া সস্তার বাওড় সংলগ্ন সড়কের ভাঙা অংশে পৌঁছালে তিনি আলমসাধুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে আলমসাধুটি ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে আমিনুর মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

