নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আগুনে বগিটির চারটি আসন পুড়ে ছাই হয়ে গেছে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরা খাবার খেতে বাইরে চলে যান। সেই সময় ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, ট্রেন ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা স্টেশনের পশ্চিম পাশে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয়।
আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্টেশন মাস্টার আরো জানান, আগুন লাগা বগিটি প্ল্যাটফর্মের বাইরে থাকায় সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসন পুড়ে গেছে।
এ বিষয়ে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দুর্বৃত্তরা ফাঁকা ট্রেনে আগুন দিয়েছে। ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নেভাতে কাজ করেছেন। যেহেতু বগিটি সিসিটিভির আওতার বাইরে ছিল, তাই ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনার পরও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

