দেশে গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে

দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সারের জোগান সুনিশ্চিত করতে এ বছর সারের আমদানি বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, বর্তমানে দেশে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে।

বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। সভার মূল উদ্দেশ্য ছিল রাজশাহী বিভাগের সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা।

বক্তব্যে কৃষিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, কৃষি উৎপাদন বাড়াতে যে পরিমাণ সারের প্রয়োজন হবে, তার পুরোটাই সরকার সরবরাহ করবে। কোনো অবস্থাতেই কৃষকরা যাতে সারের সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সার্বক্ষণিক সজাগ রয়েছে। বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও সংকটের কোনো আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।

সারের অবৈধ পাচার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা দেন মন্ত্রী। সার ডিলারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী নির্ধারিত সময়ে সার উত্তোলন করতে হবে। কোনো ডিলার সময়মতো সার উত্তোলন না করলে তাকে খেলাপি হিসেবে গণ্য করা হবে। ডিলারশিপ অন্য কারও কাছে ভাড়া দেওয়া বা হস্তান্তর করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে মৌসুমে সকাল নয়টার মধ্যে সারের দোকান খোলা এবং বিকেল পাঁচটা থেকে ছয়টার আগে বন্ধ না করতে ডিলারদের কড়া নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রী জানান, নতুন ফসল চাষ ও কৃষি কার্যক্রম সম্প্রসারণের ফলে চাহিদা বাড়লে সরকার সেই অনুযায়ী প্রয়োজনীয় সার সরবরাহ করবে। তবে জমির উর্বরতা রক্ষা ও উৎপাদন ব্যয় কমানোর স্বার্থে কৃষকদের সুষম ও পরিমিত সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ জোরদার করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মাছ চাষেও সার ব্যবহারের বিষয়ে মৎস্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

রাজশাহী অঞ্চলে আদা, টমেটো ও কাঁচা মরিচের আবাদ বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে এসব ফসলের উৎপাদন বাড়িয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে। রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বৈঠকে রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ উপস্থিত ছিলেন।