আদালতের সিল ও বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’

ঢাকার আদালতপাড়ায় বিচারকের স্বাক্ষর ও আদালতের সরকারি সিল জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’ বা আদালত-সংশ্লিষ্ট নথি তৈরির চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আদালতকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে বিচারকের স্বাক্ষর ও সিল ব্যবহার করে নোটারি হলফনামাসহ বিভিন্ন আদালতের নথি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে। এসব ভুয়া নথি ব্যবহার করে প্রতারণা, হয়রানি এবং বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলামের সিল ও স্বাক্ষর জাল করার একটি ঘটনা ধরা পড়ে। এই ঘটনার সূত্রপাত হয় বরগুনার বামনা উপজেলার একটি সিআর মামলায় দাখিল করা একটি নোটারি হলফনামাকে কেন্দ্র করে। ওই হলফনামায় সংশ্লিষ্ট আদালতের বিচারকের কাউন্টার সই ও সরকারি সিল ব্যবহার করা হয়েছিল।

নথিটি সন্দেহজনক মনে হওয়ায় ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালতের নেজারত শাখায় সংরক্ষিত হলফনামা রেজিস্টার যাচাই করা হয়। যাচাইকালে দেখা যায়, হলফনামায় ব্যবহৃত স্মারক নম্বরটি অন্য একজনের নামে নিবন্ধিত। পরবর্তী তদন্তে এটি নিশ্চিত হওয়া যায় যে, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করেই ওই নথিটি তৈরি করা হয়েছে।

এই জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইন সংশ্লিষ্টরা বলছেন, বিচারকের স্বাক্ষর ও আদালতের সিল ও বিচারকের স্বাক্ষর জাল করার মতো ঘটনা বিচারব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।