প্রবাসীরাই দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছে: রাষ্ট্রপতি

দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রবাসীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন। রাষ্ট্রপতির মতে, এই পদক্ষেপগুলো বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

বুধবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং 'সোনার মানুষ সম্মিলন-২০২৬' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে অভিবাসন হবে নিরাপদ এবং কর্মসংস্থান হবে মর্যাদাপূর্ণ। তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী হবে এবং প্রবাসী ও প্রত্যাগত কর্মীরা জাতীয় উন্নয়নের সমান অংশীদার হিসেবে বিবেচিত হবেন।

অভিবাসন খাতের উন্নয়নে সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন অতিথি হিসেবে বক্তব্য রাখেন।