জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ না করে প্রণয়ন করায় ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার জনগণের জন্য নিরাপদ, মানসম্মত, কার্যকর এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরির পূর্বে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এই আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় সরকার ২০২৬ সালের উক্ত তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এই তালিকা ও পদ্ধতির বৈধতা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া, ওষুধ ও কসমেটিকস আইনের বিধান মেনে গত ২৯ জুন জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। মন্ত্রিসভা এই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও অনুমোদন করেছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদকরণের কাজ শুরু হবে। এছাড়া ওষুধের মূল্য এমনভাবে নির্ধারণ করা হবে যেন বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে এবং সাধারণ জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি না হয়।

