রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি সর্বজনীন মন্দিরে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কামাল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়া মোস্তফা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছিল। নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতান খানের ছেলে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি ডেকোরেটরের দোকানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সময় মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কামাল একটি মইয়ে উঠে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। চরপাতা সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দির পরিচালনা ও পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সমির কর্মকার জানান, মন্দিরের পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় অসাবধানতাবশত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে রায়পুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন ভক্ত বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ দুর্ঘটনায় মণ্ডপ কমিটির কোনো গাফিলতি ছিল না উল্লেখ করে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অন্যদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এটি দুর্ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের ভিত্তিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।