দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল নয়: নির্বাচন কমিশন

রাজনৈতিক দল থেকে কেবল বহিষ্কারের কারণে কোনো সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ ব্যাখ্যা করে বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন, তবে তার সদস্যপদ আর থাকে না। কিন্তু কোনো দল যদি কাউকে বহিষ্কার করে, তবে শুধু সেই কারণে সংসদ সদস্যপদ চলে যাওয়ার কোনো সুযোগ সংবিধানে নেই।

তিনি আরও বলেন, সংসদের পক্ষ থেকে বিষয়টি কমিশনের কাছে রেফার করা হলে বা স্পিকারের মাধ্যমে চিঠি এলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রথমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করতে চায়। এই লক্ষ্যে অক্টোবর মাসকে সামনে রেখে প্রস্তুতি চলছে। আবহাওয়া, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় রয়েছে বলেও তিনি জানান।