শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংকসহ সরকারি অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এর আগে গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাবটি অনুমোদন করা হয়।
ছুটি পুনর্নির্ধারণের ফলে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এদিন সচিবালয়সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস করবেন। একই সঙ্গে ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান এবং আদালতও খোলা থাকবে।
এদিকে, দুর্গাপূজার ছুটির দিনগুলোতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দিয়েছে। ব্যাংকগুলোকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখতে বলা হয়েছে। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে স্বাভাবিক নিয়মে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আগের নির্দেশনা বহাল থাকবে।

