রাজধানীর ফুটপাত ও প্রধান সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম সাফ জানিয়ে দিয়েছেন, ফুটপাত দখলের পক্ষে যে যুক্তি বা অজুহাতই দেখানো হোক না কেন, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার গুলিস্তান এলাকায় দুই দফার উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার সকালে ও বিকেলে দুটি পৃথক সময়ে এই অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টা এবং বিকেল ৩টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত এলাকার মূল রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় মালামাল জব্দ করার মাধ্যমে পুরো সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের জন্য সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
অভিযান চলাকালে বারবার উচ্ছেদের পরও হকারদের পুনরায় ফিরে আসার বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর স্বার্থ রক্ষায় যতবার রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই অভিযান চালানো হবে। একাধিকবার আলোচনার মাধ্যমে অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারও করা হবে।
পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করার অভিযোগের বিষয়ে প্রশাসক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যাতে অবৈধ দখলদারদের উৎসাহিত করে এমন প্রশ্ন না করা হয়। তিনি বলেন, ঢাকার নাগরিকরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—তার ওপর ভিত্তি করেই জনমত গড়ে তোলা উচিত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব নিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্ধারিত স্থানে নির্দিষ্ট সংখ্যক হকার বসার সুযোগ পেতে পারেন, আর বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে। ঢাকাকে বাঁচানোর জন্য এর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক দখলমুক্ত করার এই অভিযানে উপস্থিত সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পথচারীরা অভিযানে সন্তোষ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসককে ধন্যবাদ জানান এবং ফুটপাত দখলমুক্ত রাখার এই কার্যক্রম নিয়মিত বজায় রাখার অনুরোধ জানান।

