ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩২। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে আজ একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান বা ‘ক্লিনিং ডে’ পরিচালিত হয়েছে। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এই অভিযান সম্পন্ন হয়।

ডেঙ্গু প্রতিরোধে গৃহীত এই কর্মসূচি আগামী তিন মাস প্রতি শনিবার ডিএসসিসির সবগুলো ওয়ার্ডে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করা, মশক নিধন কার্যক্রমকে আরও শক্তিশালী করা, পরিচ্ছন্নতা অভিযানকে গতিশীল করা এবং নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

আজকের অভিযানে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, রাস্তাঘাট, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ এবং পরিত্যক্ত স্থাপনায় নিবিড়ভাবে কাজ করা হয়েছে। পরিদর্শনের সময় কোথাও জমে থাকা পানি পাওয়া গেলে তা অপসারণ করা হয় এবং এডিস মশার লার্ভা পাওয়া মাত্রই তা ধ্বংস করা হয়। এছাড়া পানি জমে থাকতে পারে এমন ডাব বা নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র, টায়ার ও ফুলের টবসহ সব ধরনের পরিত্যক্ত সামগ্রী পরিষ্কার করা হয়েছে।

নির্ধারিত এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে রাস্তা ও ফুটপাত থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করতে প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা, মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে এসব র‍্যালি থেকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার গুরুত্ব প্রচার করা হয়। পাশাপাশি নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শুধু ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, বরং এডিসের প্রজননস্থল ধ্বংস করা এবং নগরবাসীকে সচেতন ও সম্পৃক্ত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। এ লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার মাঠপর্যায়ে তদারকি জোরদার থাকবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে ডিএসসিসি কর্তৃপক্ষ নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার এবং কোথাও যেন পানি জমতে না পারে সে বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছে।