দেশে বাড়ছে মাদকের দাপট: নেশার টাকার বিরোধে সংঘাত ও হত্যাকাণ্ড

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানা থেকে বেতন নিয়ে ফেরা স্ত্রী নাসিমা আক্তারের কাছে গভীর রাতে মাদক কেনার জন্য তিন হাজার টাকা চেয়েছিলেন স্বামী ছায়েদুল ইসলাম। টাকা দিতে রাজি না হওয়ায় ২৭ বছর বয়সী নাসিমাকে দুই শিশুসন্তানের সামনেই কুপিয়ে হত্যা করা হয়। র‍্যাব ছায়েদুলকে গ্রেপ্তারের পর জানায়, নেশার টাকার বিরোধেই এই নৃসংশতার ঘটনা ঘটেছে। এই একটি ঘটনা কেবল বিচ্ছিন্ন কোনো প্রেক্ষাপট নয়; দেশে সাম্প্রতিক খুন, ছিনতাই, পারিবারিক সহিংসতা ও সংঘাতের নেপথ্যে বারবার উঠে আসছে মাদকের সংযোগ। কোথাও স্বজনের কাছে নেশার টাকা না পেয়ে হামলা, কোথাও মাদক বিক্রির এলাকা দখল নিয়ে সংঘাত, আবার কোথাও পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্রের মহড়া ও গুলি চালানোর মতো ঘটনা ঘটছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণায় দেশের মাদক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। গবেষণা অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ (৮১ লাখ ৯৪ হাজার) মানুষ মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। এদের প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, মাদক সহজে হাতের কাছে পাওয়া যায়। হিসাব অনুযায়ী, প্রতিবছর দেশে মাদকের পেছনে আনুমানিক খরচ হয় প্রায় ৫৯ হাজার কোটি টাকা। বিএমইউ এবং রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড যৌথভাবে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত এই সমীক্ষা পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তত্ত্বাবধানে ৮ বিভাগের ১৩টি জেলার ২৬টি উপজেলায় ৫ হাজার ২৮০ জনের তথ্য বিশ্লেষণ করে জাতীয় পর্যায়ের এই প্রাক্কলন তৈরি করা হয়।

আঞ্চলিক পর্যালোচনায় দেখা গেছে, জনসংখ্যার বিচারে ঢাকা বিভাগে সর্বাধিক ২২ লাখ ৯০ হাজার মাদক ব্যবহারকারী রয়েছেন। এর পর চট্টগ্রামে প্রায় ১৮ লাখ ৮০ হাজার এবং রংপুরে ১০ লাখ ৮০ হাজার মানুষ মাদকে আসক্ত। তবে জনসংখ্যার অনুপাত বিবেচনায় সবচেয়ে বেশি মাদকাসক্ত রয়েছে ময়মনসিংহে (৬.০২ শতাংশ), রংপুরে (৬ শতাংশ) এবং চট্টগ্রামে (৫.৫০ শতাংশ)। অন্যদিকে রাজশাহীতে এই হার ২.৭২ শতাংশ। তথ্যে স্পষ্ট যে, শুধু বড় নগরে নয়, গ্রাম ও কম নগরায়িত এলাকাতেও মাদক অত্যন্ত ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একাধিক উপজেলায় অনুসন্ধানে দেখা যায়, প্রত্যন্ত এলাকাতেও অবাধে মাদক বিক্রি হচ্ছে। কোথাও স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা এবং কোথাও আইন প্রয়োগকারী সংস্থার কিছু অসাধু সদস্যের মদদে এই চোরাচালান ও কেনাবেচা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সীমান্ত ও সরবরাহ সংক্রান্ত তথ্য অনুযায়ী, মূলত প্রতিবেশী দুই দেশের সীমান্ত দিয়ে দেশে মাদক ঢুকছে। মিয়ানমার সীমান্ত দিয়ে বিশেষ করে টেকনাফ, উখিয়া ও উপকূলীয় পথ ব্যবহার করে ইয়াবা ও আইস প্রবেশ করে। আর ভারত সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ অন্য মাদকের চালান দেশে আসছে। পরবর্তীতে তা সড়ক ও নৌপথে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তদন্তে দেখা গেছে, কক্সবাজার থেকে ছাড়া পাওয়া মাদকের বড় অংশেরই গন্তব্য রাজধানী ঢাকা। গত আগস্টে কুমিল্লায় একটি বিলাসবহুল গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার করে জেলা ডিবি পুলিশ, যার গন্তব্য ছিল ঢাকা। কক্সবাজার সীমান্তে ছয় মাসে জব্দ করা ২৭ লাখ ইয়াবার একটি বড় অংশই ঢাকার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল।

মাদক নিয়ন্ত্রণে অভিযানের চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে ২০ কোটি ৮৩ লাখের বেশি ইয়াবা, ৫ লাখ ২৪ হাজার কেজির বেশি গঞ্জা, ২ হাজার ১৪৯ কেজির বেশি হিরোইন, ১৬৩ কেজির বেশি কোকেন এবং ২৬ লাখের বেশি বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময়ে মোট মামলা হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৩৪৭টি এবং আসামি করা হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৪৩৯ জনকে। ডিএনসির প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইয়াবাসহ অ্যামফেটামিনজাতীয় উত্তেজক মাদকের বড়ি উদ্ধার হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ৮১১টি, যা আগের বছর হয়েছিল ২ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৭৫১টি। তবে ডিএনসির কর্মকর্তাদের মতে, দেশে প্রবেশ করা মোট মাদকের সর্বোচ্চ ২০ শতাংশ আটক করা সম্ভব হয়, বাকি ৮০ শতাংশ সীমান্ত পেরিয়ে ভেতরের বাজারে চলে যায়।

মাদকের কারণে হওয়া অপরাধ বিশ্লেষণ করতে গিয়ে অপরাধবিজ্ঞানীরা মার্কিন গবেষক পল জে গোল্ডস্টেইনের ১৯৮৫ সালের তিন ধারার মডেলের উল্লেখ করেন। এটি অনুযায়ী—মাদকের শারীরিক বা মানসিক প্রভাবে সহিংস আচরণ করা, মাদক কেনার টাকার জন্য অপরাধ করা এবং মাদকের বাজারের আধিপত্য ও বকেয়া পাওনা নিয়ে সংঘাত সৃষ্টি হওয়া। বাংলাদেশে এই তিনটি রূপই দৃশ্যমান। দেশে সংঘটিত অপরাধের প্রায় ৮০ শতাংশের পেছনে মাদক সম্পৃক্ত বলে বিভিন্ন বাহিনীর মূল্যায়নে উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বড় ৩০টি অপরাধের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ২১টিতে মাদকের সরাসরি ভূমিকা ছিল। এসব ঘটনার মধ্যে ১৭টি হত্যাকাণ্ডে মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন। কোথাও বাকি না পেয়ে কুপিয়ে হত্যা, কোথাও সন্তান কর্তৃক মাদক না পেয়ে মাকে কুপিয়ে মারার মতো ঘটনা রয়েছে।

মাদকের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও অপরাধ চক্রের বিস্তারের উদাহরণ মিলছে প্রতিনিয়ত। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত হয় কিশোর শাহ আলম। একই সঙ্গে রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকার পাওনা নিয়ে বিরোধে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় অস্ত্র ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। বিএমইউর গবেষণায় দেখা গেছে, একজন মাদক ব্যবহারকারী মাসে গড়ে অন্তত ছয় হাজার টাকা মাদকের পেছনে ব্যয় করেন। এই অর্থের ওপর ভর করেই খুচরা ও পাইকারি বিক্রেতাদের বিরাট অর্থনীতি তৈরি হয়েছে। পুলিশ কর্মকর্তা সায়েদুর রহমান জানিয়েছেন, খুচরা বিক্রেতাদের সহজে গ্রেপ্তার করা সম্ভব হলেও মূল কারবারি বা শীর্ষ সরবরাহকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে পুলিশের সাফল্য ও ঘাটতি দুই দিকই রয়েছে।

এদিকে মাদকের বিস্তার রোধে পুলিশ ও অন্যান্য সংস্থার হাজার হাজার অভিযান হলেও বিচারব্যবস্থায় বড় ধরনের জট ও জটিলতা থেকে গেছে। সারা দেশে বর্তমানে ১ লাখ ৬৬ হাজার ৩ ৩৩টি গুরুতর মাদক মামলা বিচারাধীন। শুধু ঢাকায় প্রায় ২২ হাজার এবং চট্টগ্রামে ১৫ হাজারের বেশি মামলা জমে আছে। বিভিন্ন আদালতের ৫০০টি মাদক মামলার রায় পর্যালোচনায় দেখা গেছে, ২৯৬টি মামলাতেই (৫৯.২ শতাংশ) সাক্ষীর অভাব, ত্রুটিপূর্ণ এজাহার ও জব্দতালিকার গরমিল থাকায় আসামিরা খালাস পেয়ে গেছেন। মূল অর্থদাতা, পৃষ্ঠপোষক বা প্রধান কারবারিদের চিহ্নিত করে আদালতে প্রমাণের ব্যর্থতাই এর প্রধান কারণ। সংস্থাটির হিসাবে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তাদের করা ১ লাখ ২২ হাজার ৪২২টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩ হাজার ৩৭৬টি। ডিএনসির নিজেদের নিষ্পত্তিকৃত এই ১৩ হাজার ৩৭৬টি মামলার মধ্যে ৭ হাজার ৫৩৯টিতেই (৫৬.৩৬ শতাংশ) একই কারণে আসামিরা পার পেয়ে গেছেন।

মাদক নিয়ন্ত্রণে ২০১৮ সালে প্রণীত আইনে সম্প্রতি সাইবার মাধ্যম ব্যবহার করে মাদক লেনদেন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে গত সেপ্টেম্বরে সরকার ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করলেও এখনো সেখানে পৃথক বিচারক নিয়োগ দেওয়া হয়নি; বিদ্যমান বিচারকরা অতিরিক্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এ প্রসঙ্গে ঢাকা মহানগরের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, শুধু চুনোপুঁটি বা বহকদের গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। জামিনে বের হয়ে বা নতুন কোনো বাহক এনে চক্রগুলো কাজ চালিয়ে যায়। মাদকের এই বিস্তার রুখতে সর্বাগ্রে সরবরাহ ও মূল উৎস বন্ধ করা জরুরি।