প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর আয়োজনের লক্ষ্যে গত চার দিন ধরে দুই পক্ষই আলোচনার মধ্যে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফরের দিনক্ষণ এবং গুরুত্বপূর্ণ কিছু ইস্যু চূড়ান্ত করার বিষয়ে গতকাল বৃহস্পতিবারও দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগ হয়েছে। তবে এটি এখন নিশ্চিত যে, প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিচ্ছেন না।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনা এড়িয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকার বার্তা পৌঁছে দেওয়া এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনা নিতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বর্তমানে দিল্লিতে রয়েছেন। সেখানে তিনি ভারতের একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলোচনা করেছেন। আজ শুক্রবার তার দিল্লি থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। ঢাকায় ফিরে তিনি সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি কথা বলবেন, যেখানে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের পরিবেশ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত ও জাপান সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরটি হলে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমার সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো সময় দুই দেশের প্রধানরা যখন কথা বলেন বা দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে। ভারত যেন সেই সুযোগের সদ্ব্যবহার করে, সরকার সেটাই আশা করে।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে তা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না। জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি, তাই এ বিষয়ে ভারতের সংবেদনশীল হওয়া উচিত। তবে দুই দেশের প্রধানমন্ত্রী বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সফরের চূড়ান্ত দিনক্ষণ নিয়ে শামা ওবায়েদ জানান, এখন পর্যন্ত কোনো সফরের তারিখ নির্ধারিত হয়নি। তিনি উল্লেখ করেন, দেশে রাষ্ট্রপতি নির্বাচন, পার্লামেন্ট সেশন এবং সাংবিধানিকসহ নানা কর্মসূচি নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন। সবকিছুর সমন্বয় হলে অবশ্যই ভারত ও জাপান সফর হবে এবং সরকার সব দেশ সফরের ক্ষেত্রেই ইতিবাচক অবস্থানে রয়েছে।