ডেপুটি স্পিকারের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি, আইনি ব্যবস্থার নির্দেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জালিয়াতি করে একটি ভুয়া ডিও (আধা-সরকারি) পত্র তৈরির ঘটনা ঘটেছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে এই ভুয়া চিঠিটি দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, প্রচারিত ও দাখিল করা ওই চিঠিটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, প্যাড কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো একটি মারাত্মক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এই জালিয়াতির বিষয়টি নজরে আসার পরপরই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সংসদ সচিবালয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি এড়াতে বিশেষ সতর্কতা জারির অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি চিঠি পাওয়া গেলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সরাসরি সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে যোগাযোগ করে তার সত্যতা নিশ্চিত করে নেয়। সর্বসাধারণ, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংসদ সচিবালয় কর্তৃপক্ষ।