এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নতুন প্রাণহানির মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ জুলাই) এই তথ্য জানানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি জুলাই মাসের ২৮ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং ফেব্রুয়ারি ও জানুয়ারিতে একজন করে রোগীর মৃত্যু হয়েছিল। মোট মৃত ৫০ জনের মধ্যে ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯ জন এবং বর্তমানে ১ হাজার ১৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন করে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ জন, বরিশালে ৬ জন, চট্টগ্রামে ৫ জন, খুলনায় ৬ জন এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১ জন, রাজশাহীতে ১ জন ও রংপুরে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

