জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিশেষ গেস্ট লেকচারে তিনি এই আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কৌশলগত স্থিতিশীলতার সাথে নিবিড়ভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার 'বাংলাদেশ ফার্স্ট' নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সুরক্ষা ও সার্বিক সার্বভৌমত্ব নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। তরুণ সমাজকে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ স্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অগ্রগতিতে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আন্দোলন চলাকালে সহপাঠীদের রক্তে রঞ্জিত রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় যেভাবে শিক্ষার্থীরা নিজেদের নিবেদিত করেছিলেন, তা ছিল অসামান্য বীরত্বের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে তরুণদের এই আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই ২৪-এর জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনে ও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনতে ঐতিহাসিক শক্তি যুগিয়েছিল।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।