বান্দরবানের লামা উপজেলায় নাসরিন সোলতানা (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংসারঝিরি এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসরিন অংসারঝিরি পাড়ার বাসিন্দা আব্দুল গফুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আবু তালেকের ছেলে মো. বেলাল হোসেনের (১৯) সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের বিয়ের বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এক পর্যায়ে বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করা হলে বেলালের পরিবার ৬০ হাজার টাকা দাবি করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর মধ্যেই বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা গিয়াসা উদ্দিনের বাগানে একটি ম্যালেরিয়া গাছে নাসরিনের ঝুলন্ত দেহ দেখতে পান।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নাসরিনের মৃত্যু স্বাভাবিক নয়। তার ভাই আলী আহম্মদ দাবি করেছেন, নাসরিনকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন অংসারঝিরি পাড়ার আবু তালেবের ছেলে মো. বেলাল (২০) এবং ডানহাতির ছড়া পাড়ার মঞ্জুর আলমের ছেলে মো. বেলাল (১৯)।
কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ জানিয়েছেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার নাসরিনের মরদেহ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। আটক দুই যুবককে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

