গোয়ালন্দে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউএনও সাইফুল হুদা প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে কবির আদর্শে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতি চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান, যেন তারা প্রকৃত দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত সমাজে সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা পৌঁছে দেয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, সংস্কৃতি চর্চা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান খান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এবং সহকারী অধ্যাপক লিয়াকত হোসেন হিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।