পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) বিশেষায়িত সন্ত্রাসবিরোধী সংস্থা হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে এই দু’টি ইউনিট গঠন করা হয়েছিল। তবে সিটিটিসি তাদের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে ভুয়া জঙ্গিবিরোধী অভিযান ও রাজনৈতিক ব্যবহারের মতো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছে। এটিইউ-ও তাদের উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দু’টি ইউনিট কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন।
দেশে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে উগ্রবাদ ও জঙ্গিবাদ বেড়ে যাওয়ায় তৎকালীন সরকার ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ডিএমপি’র অধীনে সিটিটিসি গঠন করে। ঢাকা মহানগর এলাকায় কাজ করা এই ইউনিটের সাতটি সাব-বিভাগ রয়েছে, যার মধ্যে স্পেশাল অ্যাকশন গ্রুপ (সোয়াট), সাইবার ক্রাইম তদন্ত বিভাগ, ট্রান্সন্যাশনাল ক্রাইম, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম অন্যতম। ২০১৬ সালের ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর সিটিটিসি কল্যাণপুর, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু বাড়িতে অভিযান চালায়। পুলিশ সে সময় ওসব বাড়িকে ‘জঙ্গি আস্তানা’ হিসেবে অভিহিত করেছিল। কল্যাণপুরের ‘জাহাজবাড়ী’ অভিযানে নয়জনসহ বিভিন্ন স্থানে অনেকে নিহত হয়, যা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠেছে এবং কল্যাণপুরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলাও হয়েছে। সিটিটিসি গঠনের এক বছর পর ২০১৭ সালে পুলিশ সদরদপ্তরের তত্ত্বাবধানে সারা দেশে কাজ করার জন্য এটিইউ গঠন করা হয়।
২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দুই ইউনিটের বিরুদ্ধে গুম, আটক, হত্যা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও এমপি সানজিদা ইসলাম তুলি জানিয়েছেন, এসব ইউনিটে গোপন বন্দিশালা ছিল। গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদনেও এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বর্তমান সরকার মনে করছে, জঙ্গিবাদ দমনের নামে এই ইউনিটগুলো অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছে।
এরই প্রেক্ষাপটে পুলিশ সদরদপ্তর সিটিটিসি ও এটিইউ’র নাম পরিবর্তন ও কর্মপরিধি বাড়ানোর পরিকল্পনা করেছে। গত ৭ই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে এটিইউ’র নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চাওয়া হয়েছে। ৮ই জুন ডিএমপি কমিশনারের কাছে পাঠানো চিঠিতে সিটিটিসি’র নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার প্রস্তাব দেয়া হয়। পরবর্তীতে এটিইউ’র নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)’ এবং সিটিটিসি’র নাম ‘স্পেশাল রেসপন্স টিম ডিএমপি (এসআরইউ ডিএমপি)’ করার প্রস্তাব এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আপাতত নাম পরিবর্তনের দিকেই গুরুত্ব দেয়া হচ্ছে, কার্যক্রমে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
এদিকে, উগ্রবাদী কার্যক্রম থেমে নেই। গত শুক্রবার মতিঝিলে মেট্রো রেলের নিচে শক্তিশালী টাইমবোমা উদ্ধার করা হয়, যা উল্টো রথযাত্রাকে টার্গেট করে পাতা হয়েছিল। এছাড়া গত ২৬শে ডিসেম্বর হাসনাবাদ হাউজিং এলাকার একটি মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, হাইড্রোজেন পার-অক্সাইড, এসিটোন, নাইট্রিক অ্যাসিড ও ৪০০ লিটার তরল রাসায়নিক এবং ৯টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এপ্রিল মাসেও সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার গোয়েন্দা সতর্কতা জারি করেছিল পুলিশ।
অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, শুধু নাম পরিবর্তন করে বিতর্কমুক্ত হওয়া কঠিন। মানুষ কাজের পরিবর্তন ও দায়বদ্ধতা দেখতে চায়। বারবার নাম পরিবর্তন করলে ইউনিটগুলো জনগুরুত্ব হারাবে। তিনি এই ইউনিটগুলোর কাজের আইনগত ভিত্তি ও সুস্পষ্ট গাইডলাইন তৈরির ওপর জোর দিয়েছেন।

